২০ বছরে ইনোভেটিভ জাতি হবে বাংলাদেশ : পলক
আগামী ২০ বছরে বাংলাদেশ ইনোভেটিভ জাতিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এটুআই (একসেস টু ইনফরমেশন) আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, উদ্ভাবনের জন্য গবেষণা ও মেধাস্বত্ত্বের বিকল্প নেই। গবেষণার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে হবে। বর্তমান সরকার সেই কাজটিই করছে।
তিনি বলেন, মেধাবী উদ্ভাবকদের কাজের সুযোগ করে দিয়েছে এটুআই এবং এটুআই’র ইনোভেশন ল্যাব। এখানে ফান্ডিং, নার্সিং, কোচিং সবই দেওয়া হচ্ছে।
‘তবে এই ইনোভেশনকে টেকসই করতে হলে একাডেমিয়ার সঙ্গে ইন্ডাস্ট্রির দূরত্ব কমাতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। গবেষণা বাড়াতে হবে’- যোগ করেন পলক।
এটুআই’র প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে ইউএনডিপি’র উপ আবাসিক প্রতিনিধি কিওকো ইউকোসুকা।